
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।এতে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো:হাসান উদ দৌলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শাশ্বতনা রাণী এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বোরহান উল ইসলাম।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক,উপকারভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীকে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হবে।প্রত্যেক কৃষক-কৃষাণীকে ১ কেজি সরিষার বীজ এবং দুই ধরনের মোট ২০ কেজি সার প্রদান করা হচ্ছে বক্তারা বলেন,কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করার বিকল্প নেই।
তারা বলেন,বর্তমান সরকার কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে।এসব উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হওয়ার পাশাপাশি কৃষিকাজে নতুন করে উৎসাহিত হচ্ছেন।বক্তারা আরও বলেন,সরিষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল।দেশে সরিষার উৎপাদন বাড়ানো সম্ভব হলে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি স্বল্প সময়ে একই জমিতে সরিষা চাষ করে কৃষকরা বাড়তি আয় করার সুযোগ পাবেন।কৃষি কর্মকর্তারা প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।তারা উন্নত জাতের বীজ,আধুনিক কৃষি প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।কৃষি বিভাগের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এ উদ্যোগের ফলে লৌহজংয়ে সরিষার আবাদ আরও সম্প্রসারিত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।