
ডোবা থেকে কঙ্কালসাদৃশ্য গলিত মরদেহ উদ্ধার
আঃহালিম আতিক টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে ধানক্ষেতের পাশে ডোবা থেকে কঙ্কালসাদৃশ্য গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপি-কুশারিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় হায়দার আলী বাড়ির পাশে সড়কের একটি পরিত্যক্ত ডোবা থেকে পচাগলিত লাশটি উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া মরদেহটি একটি ডোবার পানিতে পচে গলে কেবল কঙ্কালসার অবশিষ্ট পাওয়া যাওয়ায় এটি পুরুষ না-কি নারীর মরদেহ এবং বয়স ও পরিচয় সম্পর্কে কোনকিছুই নিশ্চিত করে জানা যায়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, সোমবার বিকেলে সন্ধানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জানায় একটি ডোবায় মানুষের কঙ্কাল সাদৃশ্য বস্তু অর্থাৎ মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পচা গলিত ও পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সেসময় ডোবা থেকে লাশের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ সাদৃশ্য বস্তু জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ডোবাটি পানিতে পূর্ণ থাকায় সেখানে নিষ্কাশন যন্ত্র ব্যবহার করে পানি সম্পূর্ণ শুকিয়ে আরও তল্লাশি চালানোর চেষ্টা করা হবে। মরদেহটির সুরতহাল প্রস্তুত করে ডিএনএ সংরক্ষণ এবং পোস্টমর্টেমের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।