
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কাভার্ডভ্যানটি ওভারটেক করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশের কাচ ভেঙে যায়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে ওই নারীসহ অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম ও যানজট নিরসনে কাজ করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।