
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মহাদেবপুরে বিক্ষোভ
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ, নওগাঁ জেলা প্রতিনিধি:
পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোতাকাব্বেরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছিরাতুন নবী, সহ-আহ্বায়ক গোলাম সারোয়ার আনসারী, বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, আব্দুল জলিল, আবদুর রহমান, আবদুর রউফ, আব্বাস আলীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।