
মোহাম্মদ শফিকুল ইসলাম
ঢাকা ও আশপাশের অঞ্চল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর ঢাকা, গাজীপুর এবং টাঙ্গাইল জেলা সমন্বয় কমিটির নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী সমন্বয় কমিটিতে মোঃ উজ্জ্বল খানকে কেন্দ্রীয় পরিচালক ও সভাপতি এবং মোহাম্মদ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটির পরিচিতি ও প্রথম মতবিনিময় সভাটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিজেদের দায়িত্বভার বুঝে নেন।
কমিটি গঠন ও পরিচিতি সভাটি মানবাধিকার কর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ একে অপরের সাথে পরিচিত হন এবং আগামী দিনে মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধামরাই পৌর নির্বাচনে সভাপতি উজ্জ্বল খানকে পূর্ণ সমর্থনের ঘোষণা
সমন্বয় কমিটির এই গুরুত্বপূর্ণ পরিচিতি সভায় সাংগঠনিক আলোচনার পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক ও সামাজিক ঘোষণা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইল জেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ উজ্জ্বল খান আসন্ন ধামরাই উপজেলা পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
এই ঘোষণার পর উপস্থিত সকল নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উল্লাসে ফেটে পড়েন এবং সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কমিটির নেতৃবৃন্দ একযোগে ঘোষণা করেন যে, এই নির্বাচনে ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’ এর সকল স্তরের কর্মীরা সম্পূর্ণভাবে মোঃ উজ্জ্বল খানের পাশে থাকবেন এবং তাঁর বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।
কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের সংস্থার মূল কাজই হচ্ছে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজকে এগিয়ে নেওয়া। আমরা সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করি। আমাদের সভাপতি মোঃ উজ্জ্বল খান সাহেব যদি ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন, তবে তিনি জনগণের সুখ-দুঃখের প্রকৃত সাথী হতে পারবেন বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। তিনি নির্বাচিত হলে ওই এলাকার জনমানুষের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
সভায় উপস্থিত সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন মিন্টু অত্যন্ত আবেগঘন কণ্ঠে সভাপতির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “মোঃ উজ্জ্বল খান একজন খাঁটি সমাজসেবক। অতীতে আমরা যেভাবে তাঁর সুখ ও দুঃখের সাথী হিসেবে সবসময় পাশে ছিলাম, আগামী দিনেও ঠিক সেভাবেই সর্বাত্মক সমর্থন নিয়ে তাঁর পাশে থাকব। কোনো বাধাই আমাদের এই ঐক্যকে ফাটল ধরাতে পারবে না।”
সকলের শুভেচ্ছা ও সমর্থন পাওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি এবং ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উজ্জ্বল খান উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আজ অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। কোনো পদ বা পদবি পাওয়ার অনেক আগে থেকেই আমি সাধ্যমতো অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যতদিন জীবিত রাখবেন, ততদিন আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও যোগ করেন, “মানবাধিকার রক্ষা এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। একই সাথে ধামরাই ৫নং ওয়ার্ডের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।” তাঁর এই অনুপ্রেরণামূলক বক্তব্যের পর উপস্থিত সকলের আন্তরিক হাততালির মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এই নতুন কমিটি গঠনের ফলে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চলে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষ দ্রুত আইনি ও মানবিক সহায়তা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।