
চকরিয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় কাহারিয়াঘোনা-কোরাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক পারাপারের সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তানহা। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হারবাং এলাকার বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করে এর মালিক ও চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তানহা মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর একটু আগে পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।