
রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় পাঁচ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের কথিত মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত ২টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ জুলাই উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকা থেকে রহমত আলী (৫) নামে এক শিশুকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে একটি ভিডিও ধারণ করে এবং সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে তারা শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ভিকটিমের পরিবারের সদস্যরা শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে নিজেদের উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্যতা বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে মো. জাকারিয়া ওরফে জকরিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানিয়েছেন, সংঘবদ্ধ একটি চক্রের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং এলাকায় শিশু ও অন্যান্য ব্যক্তিকে অপহরণ করে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, অপহরণচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।