
মোহাম্মদ আরিফ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের (সাবেক আশ্রয়কেন্দ্র) সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহির (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদের ছেলে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।