
স্টাফ রিপোর্টার | ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়ে আইনি সুরক্ষা চেয়েছেন সুস্মিতা কর (২৫) নামে এক তরুণী। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা এই তরুণী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন (জিডি নং- ৪১৭, তারিখ: ০৯/০৮/২০২৬)।
জিডি ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকার সুবাদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সুস্মিতার পরিচিতি গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল মাসে ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত লিটন দাসের সাথে তাঁর পরিচয় হয়।
অভিযোগে সুস্মিতা উল্লেখ করেন, পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই লিটন দাস তাঁকে ঢাকেশ্বরী মন্দিরের কথিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানোর জন্য প্ররোচিত করেন। তবে সুস্মিতা এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিটন দাস ও তাঁর অনুসারীরা তাঁর ওপর ক্ষিপ্ত হন।
ভুক্তভোগী তরুণী দাবি করেন, প্রস্তাবে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও কুৎসা রটনা শুরু করা হয়। তাঁর অভিযোগ, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল আমার নামে ভুয়া (ফেইক) ফেসবুক আইডি তৈরি করে আমাকে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে। অনলাইনে বিভিন্ন পেইড নিউজ পোর্টালের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ছোট করার এবং ব্ল্যাকমেইল করার পাঁয়তারা চলছে।
জিডিতে তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি ও তাঁর চক্রটি এর আগেও একাধিক নারীর সাথে একই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ধরনের হয়রানির কারণে সুস্মিতা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি আশঙ্কা করছেন, ওই চক্রটি তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলাসহ শারীরিকভাবেও ক্ষতি করতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানায় দায়েরকৃত জিডিতে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুস্মিতা কর।