
জাল সিল-স্বাক্ষরে প্রতারণার সাম্রাজ্য: কালকিনিতে ডিবির অভিযানে ৫ সদস্য গ্রেপ্তার
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটার জাল করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আলামতও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম এবং মোঃ বকুল মণ্ডল (৩৫)।
ডিবি সূত্র জানায়, গত সোমবার সকালে কালকিনি উপজেলার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের সিল, স্বাক্ষর, অফিসিয়াল লেটারসহ জালিয়াতির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিচয় ও সরকারি নথি জাল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সরকারি নথি জালিয়াতির মাধ্যমে সংঘবদ্ধ প্রতারণার একটি বড় নেটওয়ার্কের সন্ধান মিলেছে। উদ্ধার হওয়া আলামত যাচাই করে প্রতারণার পরিধি ও ক্ষতিগ্রস্তদের বিষয়ে আরও তদন্ত চলছে।