
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময়
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় নকলা থানা পুলিশের আয়োজনে পৌর শহরের কলাপাড়া চেরুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুকনুজ্জামান রনির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ০৯ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমত উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদত। এ ছাড়া বক্তব্য দেন ০৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রিপন চন্দ্র গোপ বলেন, এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে। তবে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তরুণ ও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী।
বিশেষ অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন শাহাদত বলেন, এলাকা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব এবং এ ক্ষেত্রে নকলা থানা পুলিশকে সব ধরনের সহযোগিতা করব। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে পুলিশ ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। তাঁর বক্তব্যের সঙ্গে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সামাজিক প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন এবং অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম, উজ্জ্বল মিয়া, মমিন মিয়া, তোতা মিয়া, দেলোয়ারসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নকলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।