
মাঠপর্যায়ে সরকারি প্রচার কার্যক্রম জোরদারে মাদারীপুরে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময়।
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাদারীপুরে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা তথ্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
জেলা তথ্য অফিসে আগমন উপলক্ষে মহাপরিচালক ও পরিচালককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন অফিসের কর্মকর্তা – কর্মচারীরা। পরে তারা জেলা তথ্য অফিসের কর্মকর্তা – কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসের নিয়মিত প্রচার কার্যক্রম, মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগের তথ্য প্রচারসহ দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর, জনমুখী ও সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন মহাপরিচালক।
সভায় জেলা তথ্য অফিসার মাদারীপুরের নিয়মিত কার্যক্রমের চিত্র একটি ডকুমেন্টারির মাধ্যমে প্রধান অতিথি ও সভাপতির সামনে উপস্থাপন করেন।
পরে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান ও পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন মাদারীপুর জেলা তথ্য অফিস ও সরকারি সমন্বিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা তথ্য অফিসের কর্মকর্তা – কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান তারা এবং পরিদর্শন সমাপ্ত করে বিদায় নেন।