
সোহেল শেখ গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, রণবিজয়পুর, বাগেরহাট-এর বাস্তবায়নে মুকসুদপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তন্ময় শাহা (এমবিবিএস), ডাঃ শেখ আব্দুল্লাহ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) এবং ডাঃ রনি আকন। তাঁদের সঙ্গে তিনজন নার্সসহ মোট ১৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
ক্যাম্পে ৫০০ জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছানি অপারেশনের উপযোগী রোগীদের বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান।
আয়োজকদের ভাষ্য, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষেরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু চক্ষু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তারা।