
কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকাল
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল ইন্তেকাল করেছেন। বুধবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাযা আজ আসর নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক আতাহার ইকবাল দীর্ঘদিন ধরে কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় তাঁর সততা, নিষ্ঠা ও অবদান স্থানীয় সাংবাদিকতায় স্মরণীয় হয়ে থাকবে। কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে একজন অভিজ্ঞ সাংবাদিক, সদালাপী ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।