
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর
বরিশালে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাদারীপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে ভিড় করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের একটাই প্রত্যাশা—প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা এবং ফুলেল শুভেচ্ছা জানানো।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও শিবচরের কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা থেকে পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজারো মানুষ। কারও হাতে ছিল ফুল, কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন।
দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গাড়িবহর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অতিক্রম করলে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। এ সময় লাল-সবুজের গাড়িতে থাকা তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। বৃষ্টির মধ্যেই বাদ্যযন্ত্র বাজিয়ে এবং স্লোগানে মুখরিত পরিবেশে তাকে অভ্যর্থনা জানানো হয়।
শুধু শিবচরই নয়, মাদারীপুরের রাজৈর, টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকাতেও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।
বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো মাদারীপুরজুড়ে ছিল উৎসবের আমেজ। টানা বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সফরকে ঘিরে বাড়তি উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতার ভালোবাসার জবাব দেন তারেক রহমান।