
মোঃ উজ্জ্বল খান, স্টাফ রিপোর্টার (ঢাকা)
ঢাকার ধামরাই উপজেলার ৪ নম্বর যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের বাসিন্দা মোঃ শাজাহান মিয়া (পির সাহেব) প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার শ্রমিক বাজার (কামলা বাজার) এলাকায় ঘটেছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মোঃ শামসুল আলমের সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী “কিসের টাকা?” জানতে চাইলে তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুর রশিদ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আব্দুল হালিম ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দিয়েছেন বলে ভুক্তভোগী দাবি করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জনসম্মুখেই এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে মোঃ শাজাহান মিয়া ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর দাবি, তিনি এলাকার একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।