
ফাহিম উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি)
পাহাড়ি জনপদ খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে আঞ্চলিক আধিপত্যের লড়াই। এবার প্রতিপক্ষের অতর্কিত গুলিবর্ষণে ইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর বাজার এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি পাহাড়ি সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য (কালেক্টর) হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ইমন যখন ইসলামপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন, তখন একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পালানোর সুযোগ পাওয়ার আগেই গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাজার এলাকা জনশূন্য হয়ে যায়।
এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা সরাসরি প্রতিপক্ষ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগের বিপরীতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানছড়ি থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছি এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছি। এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পানছড়ির বিভিন্ন পয়েন্টে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।