
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফোন নম্বর ও ফেসবুক আইডি দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আলফি আক্তার সহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করতে গিয়ে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের কয়েকজন ছাত্রীকে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের মোবাইল নম্বর ও ফেসবুক আইডি দিতে বলে। তারা এতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী নাওয়াল আক্তার বলেন,সরকারি বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী আমাদের কাছে নম্বর ও ফেসবুক আইডি চায়। আমরা দিতে রাজি হইনি। পরে মেলা শেষে বাইরে এসে তারা আমাদের ওপর হামলা চালায়। আমাদের মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
আরেক শিক্ষার্থী মিম আক্তার বলেন, আমরা বিষয়টি আগে স্যারদের জানিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে মেলা শেষে ফেরার পথে তারা আমাদের পথরোধ করে হামলা চালায়।একই সময় মেলায় প্রদর্শিত উপকরণও ভাঙচুর করা হয় ।
বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের পরিচালক নুর আলম সিদ্দিকি বলেন,ঘটনার বিষয়টি আগে থেকেই আমাদের জানানো হয়েছিল। আমরা আয়োজকদের অবহিত করি। তখন ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনা এড়ানো যেত। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোনতাহা নাজমীন জানান,মেলা শেষে আমরা উপকরণ গুছিয়ে চলে আসি। এরপর কী ঘটেছে তা জানি না। পরে মারামারির খবর পাই।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন,ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আহত আলফি আক্তার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের রবিউল ইসলামের মেয়ে। অন্য আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।