পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ
মুহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার ঢাকা)
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধর এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১৯ অক্টোবর সকালের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানতারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সিদ্দিক হোসেন মিন্টু (৪৭) বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের ভাতুকোড়া গ্রামের মৃত জামাল উদ্দিন ফালুর ছেলে।
অভিযোগে অভিযুক্তরা হলেন- যাদবপুর গ্রামের মোঃ জুম্মত আলীর দুই ছেলে মোঃ ইসরাফিল (৩৫) ও মোঃ মাসুদ (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা রাস্তায় সিদ্দিক হোসেন মিন্টুর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে আসামিরা কাঠের ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফোলা জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগীর দাবি, মারধরের সময় ১ নং আসামি তার পকেট থেকে নগদ ৩,৫৫০ টাকা এবং গলা থেকে ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত মিন্টুকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সিদ্দিক হোসেন মিন্টু বলেন, আসামিরা আমাকে ও আমার পরিবারকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে শঙ্কায় আছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।