
সৈয়দপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী জেলা প্রতিনিধি):
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দপুর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোহাম্মদ একরামুল হক, মডেল মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান এবং ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম।
২০২৬-২০২৭ অর্থ বছরের এ প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা, ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং ‘গ’ গ্রুপে একই শ্রেণির ছাত্রীরা অংশ নেয়। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনার বিকাশ এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।