নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতায় র্যালি ও মহড়া
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (মোজা) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির মো. শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির বিকল্প নেই। পরিবার ও ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব।
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।