
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি
মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী জেলা প্রতিনিধি):
নীলফামারী জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে এবং দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
জানা যায়, নীলফামারী জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট সংগ্রহকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষেধ করার জেরে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের ওপর হামলার অভিযোগ উঠেছে।
কর্মসূচিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।
এ ছাড়া কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।