
আসন্ন দুর্গাপূজা ঘিরে চকরিয়া থানায় মতবিনিময় সভা, ন
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়া থানায় আইনশৃঙ্খলা ও পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া থানা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর আলম মাসুম সিদ্দিকী। এ সময় আমন্ত্রিত অতিথি ও পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।