
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদপাড়ের মানুষের। চীনের অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণ করা হচ্ছে একটি সেতু। সেতুটি নির্মিত হলে নদীপারের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে প্রস্তাবিত সেতু নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন চীনা প্রকৌশলী দল এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবাদাত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় নদীর ওপারের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে নৌকা ও ট্রলারের ওপর নির্ভর করে শহরে যাতায়াত করতে হয়। বর্ষা, ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় এ যাতায়াত আরও দুর্ভোগের হয়ে ওঠে। পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সমীক্ষা সম্পন্ন হয়েছে। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের বিষয়ে চুক্তিও সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এলজিইডির গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবাদাত আলী বলেন, বর্তমানে বড় ধরনের কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া বলেন, দ্রুত সেতু নির্মাণকাজের উদ্বোধন করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে সেতু নির্মাণের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সেতুটি নির্মিত হলে আড়িয়াল খাঁ নদপারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।