বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাদোপাড়া গ্রামে রাতের আঁধারে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। পুকুর তিনটির মোট আয়তন প্রায় ২০ বিঘা। এতে প্রায় ৪০–৫০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদোপাড়া গ্রামের মাছচাষি বাবুর তিনটি পুকুরে বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা বিষ প্রয়োগ করে। সকালে পুকুরগুলোতে বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পুকুরপাড়ে ভিড় করেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে বাগমারা থানায় যোগাযোগ করা হলে পুলিশের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যরা তিনটি পুকুর সরেজমিনে পরিদর্শন করেন এবং পানিতে ভেসে থাকা মৃত মাছসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
খবর পেয়ে শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসলাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরগুলো পরিদর্শন করেন। এ সময় তারা বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মাছচাষির প্রতি দুঃখ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে তিনটি পুকুরে বিষ প্রয়োগের কারণেই বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এতে মাছচাষি বাবুর প্রায় ৪০–৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, প্রকৃত ক্ষতির পরিমাণ কত এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার তথ্য পাওয়া যায়নি।