মাদক ছাড়ো, না হলে এলাকা ছাড়ো’—পুরাতন স্টেশনে এলাকাবাসীর ব্যতিক্রমী কর্মসূচি
মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী জেলা প্রতিনিধি):
নীলফামারী সদরের পুরাতন স্টেশন এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে এলাকার তিনটি মসজিদের দুই শতাধিক মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তি একত্রিত হয়ে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মাদক কারবারীদের মাদকের কুফল সম্পর্কে বোঝাতে তাদের বাড়িতে যান।
মিছিলটি পুরাতন স্টেশন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘মাদক ছাড়ো, না হলে এলাকা ছাড়ো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলকারীরা অভিযুক্ত মাদক কারবারিদের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
এলাকাবাসীর অভিযোগ, মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশপাশের এলাকায় উন্নয়ন হলেও পিছিয়ে পড়ছে রেল স্টেশন এলাকাটি। এমনকি স্টেশন এলাকায় মাদক কেনাবেচা হওয়ায় এখানকার তরুণ-তরুণীদের বিয়েতে বিলম্ব ঘটছে এবং অনেকেই এই এলাকার সাথে আত্মীয়তা করতে অনীহা প্রকাশ করছেন। এতে পরিবারের মেয়েদের বিয়ে দিতে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।
এ সময় এলাকাবাসীর উপস্থিতিতে অভিযুক্ত কয়েকজন মাদক কারবারি নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে আর জড়িত না থাকার অঙ্গীকার করেন। তাদের একজন বলেন, ‘আমি আর মাদকের সঙ্গে জড়িত থাকব না। প্রয়োজনে ভিক্ষা করে খাব, তবুও মাদক কারবারের সঙ্গে জড়িত হব না। আমি ভালোভাবে জীবনযাপন করতে চাই।’ তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ দিলে তিনি স্বাভাবিকভাবে চলতে পারবেন।
এলাকাবাসী জানান, যারা সত্যি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তবে নতুন করে কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার কৃতী সন্তান আজিজুল হকের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, এন্তাজুল ইসলাম, জুয়েল ইসলাম, আব্দুর রহিম, আশরাফ আলী, আব্দুস সামাদ, উজ্জল ইসলাম, টুলু বাবু, সাগর, সোহাগ, রকি, আলিফ, হান্নান, পিয়াল, রানা, গোলাপ, সবুজ, আকাশ, রুবেল, মামুন, জীবন ও আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া তিনটি মসজিদের দুই শতাধিক মুসল্লি কর্মসূচিতে অংশ নেন।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ না হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পুরাতন স্টেশন এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।