মোঃ জাকির হোসেনের
সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ মমিন মিয়া। দীর্ঘ ৩৬ বছর ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করা এই নেতাকে এবার ইউনিয়নের সর্বস্তরের জনগণ জনতার প্রার্থী হিসেবে দেখতে চান।
মোঃ মমিন মিয়া ৩ নং সুরমা ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় এক পরিচিত নাম। তিনি ইতোপূর্বে অত্যন্ত দক্ষতার সাথে পরপর দুইবার ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তার সততা, নিষ্ঠা এবং উন্নয়নমূলক কার্যক্রমের কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। পরবর্তীতে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেন, যা তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ দেয়।
দীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে এলাকা ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া মমিন মিয়া সুরমা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ মমিন মিয়া বলেন, আমি পদের লোভে নয়, সুরমা ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসায় ও দাবির মুখে এবার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। বিগত ৩৬ বছর ধরে যেভাবে নিঃস্বার্থভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেভাবেই মানুষের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি।
এলাকার বয়োজ্যেষ্ঠ ও তরুণ সমাজের দাবি, দীর্ঘদিনের পরীক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব মোঃ মমিন মিয়া চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ৩ নং সুরমা ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।
বর্তমানে ৩ নং সুরমা ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় মোঃ মমিন মিয়ার সমর্থনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।