আশুলিয়ায় আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার আশুলিয়ার জামগড়া একটি কারখানায় অগ্নিকান্ডে দগ্ধদের তথ্য সংগ্রহ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বাঁধার মুখে পড়েছেন কর্মরত সাংবাদিকরা। এ সময় রোগীদের তথ্য সংগ্রহে বাঁধা প্রদান এবং সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ রাজুসহ কয়েকজন নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে।
রবিবার ২০ সেপ্টেম্বর ৮ঃ৪০ মিনিটে আশুলিয়ার জামগড়ার প্রীতি গ্রুপ-এর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ ও আহত হন। স্হানীয়রা আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে হাসপাতালে আহতদের সার্বিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করতে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। তবে তারা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে সিকিউরিটি ইনচার্জ রাজু’র নেতৃত্ব নিরাপত্তা প্রহরীরা তাদের প্রবেশে সরাসরি বাঁধা প্রয়োগ করে। একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে হাসপাতালের কর্মীরা এবং সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একই সাথে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ নিষেধ বলে সাফ জানিয়ে দেয়া হয়। এ ঘটনায় স্হানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রকৃত তথ্য গোপন করতেই এমন অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা। ঘটনা সম্পর্কে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোন দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি পেশাগত দায়িত্ব পালনে এমন বাঁধা প্রদান ও হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্হানীয় সাংবাদিক সংগঠনগুলো।