চাঁদা না দেওয়ায় মসজিদ-মাদ্রাসা নিয়ে অপপ্রচারের অভিযোগ, হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোহাম্মদ আরিফ
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নতুন জেলখানার পশ্চিম পাশে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় মসজিদ মাঠে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নির্মাণকাজ চলাকালে কয়েকজন ব্যক্তি এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অনীহা প্রকাশ করার পর থেকেই ওই এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাসজমি দখল, পাহাড় কাটা এবং এলাকাটিকে ‘জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের আস্তানা’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে এলাকার গরিব ও অসহায় মানুষের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে রাশেদ আল মামুন, জাহাঙ্গীর এহসান তাহমিদ, হায়দার নিজামসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি হঠাৎ করে মসজিদ ও মাদ্রাসার নির্মাণস্থলে এসে কাজ বন্ধ করতে বাধা দেন। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তারা।
তাদের ভাষ্য, হামলার ঘটনা ও চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় নারী-পুরুষ ঘটনাস্থলে এগিয়ে এলে ওই ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন খালে পড়ে আহত হন বলেও দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর প্রকৃত বিষয়টি আড়াল করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সাহাব উদ্দিন, আজিজ, নোমান সাইফুল, ফোরকানসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণকাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তবে প্রকৃত ঘটনা জানতে কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা জরুরি।
সাহাব উদ্দিন, আজিজ ও নোমান সাইফুলসহ কয়েকজনের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ প্রসঙ্গে বক্তারা বলেন, যথাযথ যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা অনাকাঙ্ক্ষিত। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনসংলগ্ন নতুন জেলখানার পশ্চিম পাশে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, তারা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না। শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃত ঘটনা উদঘাটন, ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণকাজ নির্বিঘ্ন করা এবং যাচাই-বাছাই ছাড়া মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ করাই তাদের মূল দাবি।