ওসমানী নগরে হযরত ওসমান (রাঃ) জামে মসজিদের উদ্বোধন
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালর্স স্কুলের পেছনে ওসমানী নগরে দীর্ঘ প্রচেষ্টায় নির্মিত হযরত ওসমান (রাঃ) জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের প্রচেষ্টা এবং স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মসজিদের উদ্যোক্তা নুরুল ইসলাম নুরু বলেন, “এই মসজিদ নির্মাণে যারা জমি, অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি, এলাকাবাসীর সহযোগিতায় এই মসজিদের কার্যক্রম আরও এগিয়ে যাবে।”
আরেক উদ্যোক্তা আবুল হাসনাত বলেন, “এই মসজিদটি এলাকাবাসীর জন্য সুফল বয়ে আনবে। মসজিদের পাশাপাশি এখানে মাদরাসা, নূরানি ও দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া হবে। এজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা প্রয়োজন।”
উদ্যোক্তা শাহাবুদ্দিন বলেন, “এটি একটি অবহেলিত এলাকা। এখানকার মুসল্লিদের দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে অনেক কষ্ট হতো। নতুন মসজিদটি নির্মাণ হওয়ায় এখন স্থানীয় মুসল্লিরা সহজেই মসজিদে এসে নামাজ আদায়ের সুযোগ পাবেন।”
মসজিদের অন্যতম সহযোগী ও অসহায় মানুষের পাশে থাকা মোহাম্মদ জোবাইর বলেন, “এলাকার উদ্যোক্তা, জমিদাতা এবং আমার প্রচেষ্টার পাশাপাশি এনজিও সংস্থার সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সবার কাছে দোয়া চাই। আগামীতে এই মসজিদকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।”
এ সময় মসজিদের উন্নয়ন ও পরিচালনা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি এলাকার ধর্মীয় ও সামাজিক কল্যাণে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।