চকরিয়ায় বাসে র্যাবের তল্লাশি: ৯৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজসংলগ্ন চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা হাফিজুল হক (২৪) ও মুর্শিদ আলম (২৫)।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র ইয়াবার চালান নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির সময় চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসের দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ৯ হাজার ৯০০ পিস ইয়াবা, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।