
হ্নীলা বাজার হাইওয়ে সড়ক যানজটমুক্ত করতে হাইওয়ে পুলিশের অভিযান
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার হাইওয়ে সড়কে যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) নয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবছার উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বেশ কিছু অটোরিকশা, টমটম এবং যত্রতত্র গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি হ্নীলা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হ্নীলা বাজারের প্রধান সড়ক ও ফুটপাত অবৈধ দখলের কারণে যানজট সৃষ্টি হয়ে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
হাইওয়ে পুলিশের এ অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জনগণের দাবি, হ্নীলা বাজারের সব ফুটপাত ও সড়ক স্থায়ীভাবে দখলমুক্ত রেখে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। এতে পথচারী ও যানবাহনের চালকসহ সাধারণ মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।