ঠাকুরগাঁও রানীশংকৈলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার।
মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী মো. আসাদুজ্জামান।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সানজিদা ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২৯ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে সানজিদার সঙ্গে তার স্বামী আসাদুজ্জামানের কথাবার্তা হয়। পরে সকাল আনুমানিক ১০টার দিকে তাদের বড় মেয়ে মোছা. আয়েশা আক্তার (১৬) বাবার অফিসে গিয়ে জানান, ভাড়াবাড়ির পশ্চিম পাশের কক্ষের বারান্দায় কাঠের সঙ্গে গোলাপি রঙের জর্জেট ওড়না গলায় পেঁচানো অবস্থায় তার মাকে ঝুলতে দেখা যাচ্ছে।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সানজিদা ইসলামকে মৃত অবস্থায় দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রানীশংকৈল থানায় আবেদন করেন তার স্বামী।
তবে মৃত্যুর প্রকৃত কারণ আত্মহত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।