কক্সবাজারে র্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেপ্তার
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মো. কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মো. কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতিপাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝি ও রাশেদা বেগমের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় কালুর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।