জোরারগঞ্জে স্ত্রীকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি মীরসরাই (চট্টগ্রাম):
চট্টগ্রামের জোরারগঞ্জে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে স্ত্রীকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার গৃহবধূ জেরিন আক্তার (২৭)-কে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার জোরপূর্বক বিষ পান করান বলে অভিযোগ করা হয়।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় জেরিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ২৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ওহিদুন নবী তুহিন এবং ২ নম্বর আসামি শেখ আহম্মদকে গ্রেফতার করেন।
গ্রেফতার দুই আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।