
হোসেনপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়,
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রেকসোনা খাতুনের সঙ্গে এক মতবিনিময় সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ইউএনও রেকসোনা খাতুন সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা হলেন জাতির বিবেক, আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশীদারিত্ব কোনো অংশেই কম নয়। হোসেনপুর উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময়কালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় গঠনমূলক সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও নির্ভুল তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সবাই।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ হোসেনপুর উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,কিশোর গ্যাং , মাদক নির্মূলসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন। জবাবে নবাগত ইউএনও রেকসোনা খাতুন এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর প্রেসক্লাবের সভাপতি শাহিন আহমেদ , হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য তপন চন্দ্র সরকার,রিফাত হোসেন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি চন্দন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ফয়েজ টুটুল এবং বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।