হ্নীলায় বিজিবির বিশেষ অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৩ পাচারকারী
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত তিনজন সন্দেহভাজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা মিয়ানমার সীমান্তের দিক থেকে মাথায় বস্তা বহন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। তবে অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৪০টি কাট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে গণনা করে সর্বমোট ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দীর্ঘ সময় ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।