
টেকনাফে আরাকান আর্মির হাতে বন্দী ২৪ জেলে দেশে ফিরেছেন
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) হাতে বন্দী থাকা ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। বুধবার (১৯ আগস্ট) টেকনাফের নাফ নদী ট্রানজিট জেটিঘাট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তত্ত্বাবধানে মিয়ানমার থেকে ফেরত আসা জেলেদের গ্রহণ করা হয়। পরে তাদের প্রাথমিক পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়।
দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ার খবরে টেকনাফের নাফ নদী ট্রানজিট জেটিঘাটে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় অনেক স্বজনকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশি জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক হন। পরবর্তীতে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় জেলেরা জানান, নাফ নদী ও সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। এ কারণে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
এদিকে, ২৪ জেলে দেশে ফেরায় টেকনাফের উপকূলীয় জেলে ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।