টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেপ্তার
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোহাম্মদ হারুনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন ছৈয়দের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোহাম্মদ হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের বাসিন্দা। তিনি ছৈয়দ আহম্মদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব-১৫, সিপিসি-২-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে র্যাব জানায়, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।