কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযান: ৬ কোটি টাকার ২ লাখ পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার সংখ্যা ২ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানিক দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় পৌঁছে সন্দেহজনক স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি চালান পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তা উদ্ধার করেন। পরে চালানটি তল্লাশি করে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। তবে এ ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান সম্পূর্ণভাবে বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি আরও জানায়, রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর রামুর দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ও স্বস্তি বৃদ্ধি পাচ্ছে।