নদী বাঁচাতে মশাল মিছিল: অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবি
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর
মাদারীপুরে অবৈধ ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ কেটে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি বন্ধের দাবিতে মশাল মিছিল করেছেন জেলার সচেতন নাগরিকরা। নদী, পরিবেশ ও জনপদ রক্ষার দাবিতে বুধবার রাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তারা অবৈধ ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে নদী কেটে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন বাড়ছে। বসতভিটা, ফসলি জমি, সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে বিভিন্ন নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সাধারণ মানুষকে ভোগান্তি ও ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে।
মশাল মিছিল থেকে অবৈধ ড্রেজার জব্দ, বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, নদী কোনো ব্যক্তির সম্পদ নয় এটি প্রকৃতি ও মানুষের সম্পদ। নদী রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ মূল্য দিতে হবে।