টেকনাফে পালকি পরিবহনের বাসে ১,৫৮০ ইয়াবা
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
সিটের পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল যাত্রী, বিজিবির অভিযানে আটক
টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মো. শাহীন (২০) নামে এক যাত্রীকে আটক করেছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে হোয়াইক্যং চেকপোস্টের কাছে বাসটি পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় বাসের সর্বশেষ সিটে বসা মো. শাহীনকে সন্দেহজনক মনে হলে তাকে ও আশপাশের সিটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে শাহীনের সিটের পেছন থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১,৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. শাহীন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাপাড়া এলাকার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহীন স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য আটক যাত্রী, বাসের চালক ও হেলপারসহ বাসটি ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বাস, চালক ও হেলপারকে মুচলেকা গ্রহণের মাধ্যমে পালকি পরিবহনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।