টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ, মাদক কারবারিরা পালিয়ে গেল
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (০৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করবে।