
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গাজীপুর জেলার পরিবহন সেক্টরে চাঁদাবাজির একচ্ছত্র সাম্রাজ্য চালিয়ে আসছিল নামধারী এক অপসাংবাদিক। অবশেষে জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে তার আসল রূপ বেরিয়ে আসে।
এর পরই নড়েচড়ে বসে প্রশাসন ও পরিবহন মালিক সমিতি। গাজীপুর জেলা পরিবহন সেক্টর মালিক সমিতি এবং ট্রাফিক বিভাগের কঠোর পদক্ষেপে অবশেষে ওই অপসাংবাদিক এলাকা থেকে বিতাড়িত হয়েছে।
অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, বিলকিস আক্তার রুবি নামের ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে আসছিল। তার এই দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পরিবহন শ্রমিক ও মালিকরা।
বিষয়টি জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকার অনুসন্ধানী টিমের নজরে এলে তারা বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরে সংবাদ প্রকাশ করে।
সংবাদ প্রকাশের পর গাজীপুর জেলা পরিবহন সেক্টর মালিক সমিতি এবং ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিতে বিশেষ দৃষ্টি দেন। তাদের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে এই চাঁদাবাজচক্রের মূল হোতা বিলকিস আক্তার রুবিকে বিতাড়িত করা সম্ভব হয়।
এই সফল পদক্ষেপে গাজীপুর জেলায় অপসাংবাদিকতা রোধে জোরালো ভূমিকা পালন করায় ট্রাফিক পুলিশের পুলিশ কমিশনার এবং পরিবহন সেক্টরের গাজীপুর জেলা মালিক সমিতির দায়িত্বশীল কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় ‘এশিয়া বার্তা’ পরিবার।
‘এশিয়া বার্তা’র পক্ষ থেকে জানানো হয়েছে, সত্য উদঘাটন এবং অপকর্মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। খুব শীঘ্রই গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় আরও কিছু নামধারী অপসাংবাদিকের আসল চেহারা এবং তাদের চাঞ্চল্যকর অপকর্মের তথ্য প্রকাশ করা হবে।