
জুলাই আন্দোলন শুধু ক্ষমতার পালাবদলের জন্য ছিল না: কক্সবাজারে জামায়াতের গণমিছিল
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া এ গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “সংবিধানের দোহাই দিয়ে গণভোট পাশ কাটানোর ষড়যন্ত্র বন্ধ করুন।”
সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এটি শুধু ক্ষমতার পালাবদলের জন্য হয়নি; বরং দেশের আমূল পরিবর্তন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত হয়েছে।
নূর আহমদ আনোয়ারী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি বিরোধী মত দমন বন্ধের আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল ৪টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমবেত হন। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও শহর পর্যায়ের জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।