হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার চালক আটক
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ
কক্সবাজারের উখিয়া উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ এবং চালককে আটক করা হয়েছে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, গত ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার হোয়াইক্যং চেকপোস্টের নিকট পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তল্লাশিকালে প্রাইভেট কারটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো রঙের পলিথিনে মোড়ানো ছোট-বড় ১৬টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় প্রাইভেট কারসহ চালক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানীপাড়া এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোঃ সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে আটক করা হয়। পরে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেন যে, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।