
টেকনাফে র্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল্লাহ (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মামলার পলাতক আসামি সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল্লাহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর হ্নীলা এলাকার রইক্ষ্যং গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রসিদ আহামদ এবং মায়ের নাম আয়েশা বেগম।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।