
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর জেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২২ জুন) জেলার জোবিঅ-জয়দেবপুর ও আবিবি-জয়দেবপুর এলাকায় পরিচালিত এই অভিযানে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তিনজনকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মাশফিকুর রহমান আবরার।
অভিযানের বিবরণ:
অভিযানের আওতায় গাজীপুরের আউটপাড়ার ‘সেবা হাসপাতাল’ সংলগ্ন এলাকা এবং কলমেশ্বর এলাকায় অভিযান চালানো হয়।
মাস্টার ওয়াশিং কারখানা: অভিযানে এই কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করে ১টি ২ ইঞ্চি ও ১টি ১ ইঞ্চি কিল বসিয়ে সিলগালা করা হয়। এ সময় কারখানায় থাকা তিনটি ড্রায়ার (৩০০ cft) ও একটি বয়লার (৩৫০ kg) জব্দ করা হয়। এই অপরাধে একজনকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রেগুলার লন্ড্রি: এই কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১টি ১ ইঞ্চি ও ১টি ৩/৪ ইঞ্চি কিল বসানো হয়। এ সময় চারটি ড্রায়ার (৩০০ cft) ও একটি বয়লার (৫০০ kg) পাওয়া যায়। এ অপরাধে দুইজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপসারণকৃত সরঞ্জাম ও উদ্ধারকৃত লোড:
অভিযান চলাকালে কারখানা দুটি থেকে আনুমানিক ৪০০ ফুট ১ ইঞ্চি পিভিসি পাইপ এবং ১৬০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ অপসারণ করা হয়। বিচ্ছিন্নকৃত এসব অবৈধ সংযোগের মাধ্যমে শিল্প শ্রেণিভুক্ত মোট ৪,৬৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পদের অপচয় রোধ এবং অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।